৪ জানুয়ারি ২০১৩ - ২০:৩০

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে তিন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছে। শহরের পুলিশ কমিশনার রেই কেলি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা আবনা : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে তিন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছে। শহরের পুলিশ কমিশনার রেই কেলি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এক ব্যক্তি সাবওয়ে বা পাতাল রেলের বিপজ্জনক স্থানে ঢুকে পড়ার পর পুলিশ তাকে আটকের চেষ্টা চালায়। পুলিশ কাছাকাছি চলে আসার পর ওই ব্যক্তি পিস্তল বের করে গুলি চালায়। এর ফলে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়। পুলিশের পাল্টা গুলিতে ওই অস্ত্রধারী নিহত হয়েছে।

এর কয়েক ঘন্টা আগে নিজের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র ডাকাতি ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হন আরেক পুলিশ অফিসার। নিউ ইয়র্কের মেয়র ব্লুমবার্গ বলেছেন, গুলিবিদ্ধ তিন পুলিশ অফিসারই পুরোপুরি সেরে উঠবেন।

গত ১৪ ডিসেম্বর আমেরিকার কানেক্টিকাট অঙ্গরাজ্যের স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৬ জন নিহত হওয়ার পর কঠোর অস্ত্র আইন প্রণয়ন ইস্যুতে দেশটিতে যখন তুমুল বিতর্ক চলছে ঠিক তখনি নতুন করে পুলিশের ওপর গুলির ঘটনা ঘটলো। গেল ২০১২ সালে  আমেরিকায় আরো বেশ কয়েকটি গুলির ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। #রেডিও তেহরান